নিজ সংবাদ:
কুষ্টিয়ার হাটশ হরিপুরে গোরস্থান ও ঈদগাহ ময়দানের সংস্কার কাজ পরিদর্শনসহ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের অন্তর্গত পুরাতন কুষ্টিয়া ৬নং ওয়ার্ডে জেলা পরিষদের অর্থায়নে উক্ত কাজ পরিচালিত হচ্ছে। পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোরস্থান ও ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনন্দ। বিশেষ অতিথি ছিলেন হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। মতবিনিময়কালে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক স্থাপনাগুলোর উন্নয়নে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গোরস্থান ও ঈদগাহ সংস্কারের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এদিকে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্ষাকালে গোরস্থান ও ঈদগাহ এলাকায় চলাচলে নানা সমস্যা হতো। সংস্কার কাজ শেষ হলে মুসল্লি ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।