তৃণমূল পশ্চিমবঙ্গকে জামায়াতি বানাতে চেয়েছিলো: শুভেন্দু

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের সাবেক বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের সনাতনী ঐতিহ্য ও সংস্কৃতিকে দুর্বল করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার কেষ্টপুরে একটি গণেশপূজা মণ্ডপ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শুভেন্দু অধিকারী দাবি করেন, বামফ্রন্টের ৩৪ বছর এবং তৃণমূলের ১৫ বছর—মোট ৪৯ বছর ধরে রাজ্যের সাংস্কৃতিক পরিচয় দুর্বল করার চেষ্টা হয়েছে। তার অভিযোগ, বাম আমলে ধর্মকে ‘আফিম’ বলা হতো এবং পুজো মণ্ডপের বাইরে কার্ল মার্ক্স ও ভ্লাদিমির লেনিনের বই থাকলেও স্বামী বিবেকানন্দ, লোকনাথ বাবার রচনা, হানুমান চালিসা বা ভগবত গীতা পাওয়া যেত না।

তৃণমূলের আমলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সে সময় বাংলাকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বা ‘জামায়াতি’ বানানোর চেষ্টা হয়েছিল। মহরমের কারণে এক বছর বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের দিন পরিবর্তনের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

সনাতনী রীতি অনুসরণের আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, দুর্গাপূজার উদ্বোধন মাতৃপক্ষে হওয়া উচিত এবং মহাষ্টমীর সময় ‘পরম পবিত্রতা’ বজায় রাখতে হবে।

তিনি পশ্চিমবঙ্গকে বাংলাভাষী হিন্দুদের ‘স্বদেশভূমি’ উল্লেখ করে সনাতনীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে ভাষাগত ও আঞ্চলিক বিভাজনের দেয়াল ভেঙে সবাইকে ভারতীয় পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।