ইনফান্তিনোকে মার্কিন কংগ্রেসের তলব

ট্রাম্প-ফিফা সম্পর্ক তদন্ত

বুধবার, জুলা ২৯, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

চলতি বছরের বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন ফিফা সভাপতি ইনফান্তিনোকে চিঠি দিয়ে ট্রাম্প ও তার ঘনিষ্ঠজনদের উপহার, অর্থ বা অন্য কোনো সুবিধা দেওয়ার বিষয়ে সব ধরনের যোগাযোগ ও নথিপত্র জমা দিতে বলেছেন। একই সঙ্গে ইনফান্তিনোকে একটি ট্রান্সক্রাইবড সাক্ষাৎকারেও অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় নথি জমা ও সাক্ষাৎকারের জন্য আগামী ৯ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগ থেকেই ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক আলোচনায় ছিল। গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া হয়। এর আগে জুলাইয়ে নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে ফিফা তাদের নতুন কার্যালয়ও চালু করে।

বিশ্বকাপ চলাকালেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ২০৩১ সালের নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি চলতি আসরের সফল আয়োজনের পর ২০৩৮ সালের পুরুষ বিশ্বকাপের সম্ভাব্য আয়োজক হিসেবেও দেশটির নাম আলোচনায় রয়েছে।