ভারত-চীনকে লক্ষ্য করে মার্কিন সিনেটের নতুন বিল

বুধবার, জুলা ২৯, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরও কঠোর চাপ সৃষ্টি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি গুরুত্বপূর্ণ দ্বিদলীয় বিল বিপুল ভোটে অনুমোদিত হয়েছে। বিলটির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত, চীনসহ রুশ তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রধান ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

সিনেটে ৮৬–১২ ভোটে বিলটি পাস হয়, যা প্রয়োজনীয় ৬০ ভোটের সীমা সহজেই অতিক্রম করে। রিপাবলিকানদের পাশাপাশি অধিকাংশ ডেমোক্র্যাটও বিলটির পক্ষে ভোট দেন। এ উদ্যোগে প্রেসিডেন্ট ট্রাম্পেরও সমর্থন রয়েছে।

বিলটির আওতায় রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি রাশিয়ার জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোর ওপর বাণিজ্যিক চাপ বাড়ানোর সুযোগও তৈরি করা হয়েছে।

তবে যেসব দেশ রাশিয়া থেকে ১৫ শতাংশের কম প্রাকৃতিক গ্যাস আমদানি করে এবং ধীরে ধীরে সেই নির্ভরতা কমানোর পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য কিছু ব্যতিক্রমের সুযোগ রাখা হয়েছে। এছাড়া ট্রাম্পের অনুরোধে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন ঠেকাতে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।

বিলটি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা হয়েছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস বর্তমানে গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় আগামী সেপ্টেম্বরের আগে বিলটি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা কম।