নিজ সংবাদ:
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল প্রধান ফটক-২ এ তাকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়।
পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।
পরে তিনি বঙ্গভবনের বিভিন্ন অফিস, গ্যালারি হল এবং রাষ্ট্রপতি তোষাখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাষ্ট্রপতির সচিববৃন্দ, সহকারী সামরিক সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে তার এই প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম রাষ্ট্রপতির দপ্তরের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম শুরুর অংশ হিসেবে সম্পন্ন হয়েছে।
