নিজ সংবাদ:
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা স্থানীয় আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের মারধর ও ভয়ভীতি দেখিয়েছেন। সোমবার এ নিয়ে পুলিশ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংসদ সদস্যের পরিবারের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে এক অভিভাবক রেকসানা খাতুনের মাথায় তালা ছুড়ে আঘাত করার অভিযোগ ওঠে।
এ ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তারা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় সংসদ সদস্য গোলাম রসুল ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন।
আল মাদ্রাসাতুল শারইয়্যাহর মুহতামিম কবির হোসাইন দাবি করেন, এমপির মেয়ে বিভিন্ন সময় শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সর্বশেষ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন।
অন্যদিকে সংসদ সদস্যের স্ত্রী শারমিন ডিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তার দাবি, মাদ্রাসা বন্ধ থাকার পরও কিছু শিশু বাড়ির সামনে গোলযোগ সৃষ্টি করায় বিরোধের সূত্রপাত হয়। পরে তাদের বাড়িতে হামলা চালিয়ে উল্টো মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
