আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা

আয়োজককে কালো তালিকাভুক্তের নির্দেশ

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

বিনোদন ডেস্ক:

অনুমতি ছাড়াই শেষ মুহূর্তে কনসার্টের ভেন্যু পরিবর্তন, অব্যবস্থাপনা এবং বিদেশি শিল্পী ও দর্শকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে আতিফ আসলামের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-কে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

গত ২৬ জুলাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, রাজধানীর খিলক্ষেতের পূর্বাচল এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হলেও আয়োজক প্রতিষ্ঠান পূর্বানুমোদন ছাড়াই শেষ মুহূর্তে অনুষ্ঠানস্থল পরিবর্তন করে।

চিঠিতে উল্লেখ করা হয়, অনুমতিপত্রের শর্ত ভঙ্গের ফলে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয় এবং দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি শিল্পী ও কলাকুশলীরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। পাশাপাশি অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দর্শকদেরও দুর্ভোগ পোহাতে হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা এবং বিভিন্ন সংবাদমাধ্যমে নেতিবাচক প্রতিবেদন প্রকাশের বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে ‘ইভেন্ট সাজাই’-এর ভূমিকা তদন্ত করে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নির্দেশনার অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পুলিশের বিশেষ শাখা এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।