শিরোনাম:
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় বিষয় নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা একটি চিঠি জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেছেন। ফলে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা করতে হবে। সেই আলোচনার পর সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ লক্ষ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈঠকের পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম আরও এগিয়ে যাবে।
