সাংবাদিকতা অর্থ উপার্জনের সহজ পথ নয়: তথ্যমন্ত্রী

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে আর্থিকভাবে বিত্তশালী হওয়ার সুযোগ সীমিত হলেও জ্ঞান, বিবেক ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের সুযোগ অপরিসীম।

তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও দেশের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করতে হবে। বর্তমান সময়ে সাংবাদিকতা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তাই পেশাগত সততা, নৈতিকতা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য কাওসার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন।

এ ছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, টেলিভিশন চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা সাংবাদিকদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা এবং বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বরিশাল জেলা ও বিভাগের অসুস্থ এবং আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন সাংবাদিকদের মাঝে কল্যাণ সহায়তার চেক বিতরণ করা হয়। এ উদ্যোগকে সাংবাদিকদের পাশে থাকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন উপস্থিত বক্তারা।