নিজ সংবাদ:
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
এ মামলায় বর্তমানে ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্তে নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করল। অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে ট্রাইব্যুনাল শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন। যদি অভিযোগ গ্রহণ করা হয়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এ মামলাটি বাংলাদেশের বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিচারগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে।
