কুষ্টিয়ার মিরপুরে অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া পুরাতন বালুঘাট এলাকায় প্রশাসনের একাধিক অভিযান, ট্রাক জব্দ, জরিমানা ও তিনজনকে কারাদণ্ড দেওয়ার পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার নদী থেকে বালু উত্তোলন শুরু করে প্রভাবশালী চক্র।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে নদী থেকে বালু তুলে বিক্রি করে আসছে। একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও স্থায়ীভাবে এ কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে বিশেষ সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম এবং কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (ভূমি ও রাজস্ব) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় তিনটি বালুবাহী ড্রাম ট্রাকের গতিরোধ করা হয়। দুটি ট্রাকের চালক ও সহযোগীদের আটক করা হলেও অপর ট্রাকের চালক ও হেলপার চাবি নিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মেহেরপুরের বিপুল (২০), নাঈম (২০) এবং কুষ্টিয়ার রাসেল (২৩)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা দুটি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে একই দিন দুপুরে পৃথক অভিযানে দুটি বালুবাহী ট্রাককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষ হওয়ার পরই আবার বালু উত্তোলন শুরু হয়।

বাসিন্দাদের দাবি, প্রতিদিন ১০০ থেকে ২০০টি বালুবাহী ট্রাক চলাচল করায় ধুলাবালি, শব্দদূষণ ও ভারী যানবাহনের কারণে জনভোগান্তি বাড়ছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে ভাঙনের ঝুঁকি ও পরিবেশগত ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।