যুক্তরাজ্যে সাগরে ডুবে ব্রিটিশ-বাংলাদেশি মা-মেয়ের মৃত্যু

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক::

যুক্তরাজ্যের কলচেস্টারের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ডুবে এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তার ১৫ বছর বয়সী কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউকে বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরু ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী মেয়ে। নিহত নারী যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিলেটের ছাতক উপজেলার বাসিন্দা মুজিবুর রহমানের কন্যা।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সমুদ্রসৈকতে অবস্থানের সময় হঠাৎ জোয়ারের প্রবল স্রোতে একটি ছোট শিশু ভেসে যেতে শুরু করে। শিশুটিকে উদ্ধারে পানিতে ঝাঁপ দেন মা ও তার কিশোরী মেয়ে। তারা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও নিজেরা উত্তাল স্রোতে তলিয়ে যান।

দুর্ঘটনায় পরিবারের আরও কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই এসেক্স পুলিশ, এইচএম কোস্টগার্ড এবং রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। এসেক্স পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওয়েস্ট মার্সি সৈকত ও আশপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাজ্য ও বাংলাদেশের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।