গাজা ও পশ্চিম তীরে হামলা বাড়িয়েছে ইসরায়েল

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলে পার্লামেন্ট ভেঙে আগামী ২৭ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণার পর গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এ পরিস্থিতিতে বেসামরিক মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার তথ্যমতে, গত ১৩ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু ও আট নারী রয়েছেন। সংস্থাটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং নৃশংসতার অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের দেইর জারির গ্রামে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হলে স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ নিয়ে শোক মিছিল বের করেন।

পার্লামেন্ট বিলুপ্তির আগে ইসরায়েলি মন্ত্রীরা দ্রুত কয়েকটি আইন পাসের উদ্যোগ নেন। একই সময়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে জমি দখল ও ঘরবাড়ি ভাঙার নির্দেশ জারি করে। পাশাপাশি উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসে ফিলিস্তিনিদের ওপর সামরিক অভিযান, ভূমি দখল এবং সহিংসতা আরও বাড়তে পারে, যা অঞ্চলটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।