ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী। সম্প্রতি ভাইরাল হওয়া এক ওয়াজ মাহফিলের ভিডিওতে তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং তীব্র সমালোচনা করেন।

তাহেরী বলেন, “সাতক্ষীরায় কী চলছে? মেয়ের বয়স ১৪, মেয়ের বাবার বয়স ৩৬, আর উনার বয়স ৭৪। কী হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা।”

তিনি আরও অভিযোগ করেন, বিতর্কিত ঘটনাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা কিংবা পরে দ্বিতীয় বিয়ের ব্যাখ্যা দেওয়া গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, “এসব ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার।”

প্রশাসনের উদ্দেশে তাহেরী বলেন, “বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করুন। সত্য সামনে আসুক।” একই সঙ্গে তিনি বলেন, “এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে, কিন্তু অন্তরে ইসলাম নেই।”

নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নির্বাচনের সময় সংশ্লিষ্ট ব্যক্তি পর্দার বিষয়ে বক্তব্য দিলেও এখন তার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম এর আগে দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।