নিজ সংবাদ:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনার মধ্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া শুরু করেন, তাহলে প্রথমে সাতক্ষীরা থেকেই শুরু করবেন।’ তিনি আরও বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা তার আবেগের জায়গা। একই বক্তব্যে তিনি কৌতুক করে বলেন, কুষ্টিয়া থাকবে ‘৬৪ নম্বরে’, কারণ সেখানে ‘সব গাজার (মাদক) আড্ডা’।
এদিকে গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনার প্রেক্ষাপটে আমির হামজার পুরোনো বক্তব্যের ভিডিওও বিভিন্ন ফেসবুক পেজে নতুন করে ছড়িয়ে পড়ে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভিডিওটি শেয়ার করে নানা ধরনের মন্তব্য ও ট্রল করছেন।
তবে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভাষ্য, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে যান। সেখানে অবস্থানকালে কয়েকজন অপরিচিত ব্যক্তি কক্ষে প্রবেশ করে গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি।
