বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা রোববারের ফাইনাল ম্যাচের অপেক্ষায় আছি। প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার জন্য উন্মুখ।”

লেভিট আরও দাবি করেন, এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল আসর হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের উপস্থিতি এই সফল টুর্নামেন্টের সমাপ্তিকে আরও স্মরণীয় করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত বছর অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। চেলসি ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মধ্যকার সেই ম্যাচ শেষে তিনি চেলসির অধিনায়কের হাতে শিরোপা তুলে দেন।

বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনা ও স্পেনের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপস্থিতিও ম্যাচটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।