‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

বিনোদন ডেস্ক:

বিশ্বখ্যাত ‘জুরাসিক পার্ক’ সিনেমা ও জনপ্রিয় টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর অভিনেতা স্যাম নিল মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবারের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্যাম নিলের মৃত্যু ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। তবে মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, জীবনের মতোই অত্যন্ত মর্যাদার সঙ্গে তিনি বিদায় নিয়েছেন। সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার এবং শোকের এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।

২০২৩ সালে স্যাম নিল প্রকাশ করেছিলেন যে তিনি বিরল ধরনের ব্লাড ক্যান্সার অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমায় আক্রান্ত হয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও কার-টি সেল থেরাপির পর চলতি বছরের শুরুতে তিনি ক্যান্সারমুক্ত হওয়ার সুখবর জানিয়েছিলেন। তবে ক্যান্সার জয় করার কয়েক মাসের মধ্যেই তার আকস্মিক মৃত্যু ভক্তদের শোকাহত করেছে।

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে স্যাম নিল ‘জুরাসিক পার্ক’, ‘দ্য পিয়ানো’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘পিকি ব্লাইন্ডার্স’-সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।