সমালোচনার জবাব দিলেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

বিনোদন ডেস্ক:

সহশিল্পীর সঙ্গে আলিঙ্গনের দৃশ্যে অভিনয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। কেউ কেউ তাঁকে ‘পাকিস্তানের ইমরান হাশমি’ বলেও কটাক্ষ করছেন। তবে এ ধরনের তুলনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহার বলেন, সমালোচনা একজন শিল্পীকে উন্নতি করতে সহায়তা করলেও আলিঙ্গনের দৃশ্যের কারণে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে তুলনা করা অযৌক্তিক। তাঁর ভাষায়, “পর্দায় কাউকে আলিঙ্গন করা প্রথম বা শেষ অভিনেতা আমি নই।”

পাকিস্তানি ধারাবাহিক ‘জঞ্জিরেঁ’‘শাইদাই’-এ সাহারের কয়েকটি আলিঙ্গনের দৃশ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়শিল্পীরা চিত্রনাট্য ও পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। পরিচালক তাঁর স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনা করেই দৃশ্যটি ধারণ করেছিলেন।

সাহার স্বীকার করেন, পাকিস্তানের সংস্কৃতিতে এ ধরনের দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে। তবে বাস্তব জীবনেও বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে আলিঙ্গন স্বাভাবিক ঘটনা এবং বিভিন্ন সমাজে এর গ্রহণযোগ্যতা ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে দর্শকের অনুভূতির বিষয়টি আরও গুরুত্ব দেবেন। তবে মতপ্রকাশের নামে ব্যক্তিগত আক্রমণ কাম্য নয় বলেও মন্তব্য করেন।

অভিনেত্রী বলেন, অনলাইনের নেতিবাচক মন্তব্য একসময় তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকি রাতে কেঁদে ঘুমাতে যেতেন। পরে সহকর্মী অভিনেতা শেহজাদ শেখ, নওয়াল সাঈদ ও ফিরোজ খানের সমর্থন তাঁকে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করেছে।