যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চাপে স্বর্ণবাজার

কমছে দাম

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও কঠোর রাখবে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। ফলে চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটির সাপ্তাহিক দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১১৫ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। এতে সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমার পথে রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের আগস্ট ডেলিভারির ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১২৪ দশমিক ৯০ ডলারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, যা মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। এর ফলে ফেড সুদের হার কমানোর পরিবর্তে কঠোর অবস্থানে থাকতে পারে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ৫৪ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হলেও, উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন এই সম্পদের আকর্ষণ কমে যায়। এদিকে, ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতেও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি শক্তিশালী ডলার ও কঠোর মুদ্রানীতির প্রত্যাশার কারণে এইচএসবিসি ২০২৬ ও ২০২৭ সালের স্বর্ণের গড় মূল্য পূর্বাভাসও কমিয়েছে।

অন্যদিকে, রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম কিছুটা বাড়লেও সাপ্তাহিক হিসাবে এই তিন ধাতুর দামও কমার পথেই রয়েছে।