কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্যসহ নিহত ৩

মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার মন্ট্রিয়ল শহরে বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও রয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্য গুরুতর আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর বিবিসির।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি ভবন থেকে একাধিক গুলির শব্দ শোনার পর স্থানীয় বাসিন্দারা জরুরি সেবায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন পুরুষ এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একাই এই হামলা চালিয়েছেন। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় নিহত বেসামরিক ব্যক্তি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। তবে হামলাটি ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ থেকে করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ।

ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও কানাডা জানিয়েছে, হামলাকারী নারীবিদ্বেষী অনলাইন গোষ্ঠী ‘ইনসেল’ মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর হামলার কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে এলাকাজুড়ে জরুরি সতর্কতা জারি করা হলেও স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তা প্রত্যাহার করা হয়। হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।