নিজ সংবাদ:
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে কর্মসূচির দৃশ্য দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের ব্যানারে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তাদের সবার মুখে কালো মাস্ক ছিল। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার দৃশ্যও দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
