সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়াকে গ্রেফতার দেখানোর আদেশ

মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নিজ সংবাদ:

জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মিরপুর থানায় মিলন পান্না নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আহসান সোহেল সৌরভ আদালতে এ আবেদন করেন।

আদালতের নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মিরপুর-১৪ নম্বর এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গুলিবিদ্ধ হন মামলার বাদী মিলন পান্না। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কবির হোসেন।

মামলার তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল মারা যান। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাত প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় রোকেয়া জামালকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী শামসুদ্দোহা সুমন। আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানিয়েছিল পুলিশ।