সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

শুক্রবার, জুন ১৯, ২০২৬

নিজ সংবাদ:

সাবেক প্রতিমন্ত্রী, পাঁচবারের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহকর্মী ও সাধারণ মানুষ মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় রাজনীতিতে দীর্ঘদিনের অবদানের কারণে তাকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন অর রশিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।