ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে দল নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। বিশেষ করে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের মধ্যে কে শুরু করবেন, সেটিই এখন বড় আলোচনার বিষয়।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাউতারো মার্তিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন হুলিয়ান আলভারেজ। যদিও বিশ্বকাপের আগে নিয়মিত প্রথম পছন্দ ছিলেন আলভারেজ। গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ার পরও তাকে বেঞ্চে রেখে মার্তিনেজকে সুযোগ দেন স্কালোনি।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, একজন কোচকে সবসময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সবাই খেলতে চাইলেও দলে জায়গা হয় মাত্র ১১ জনের। তাই দলের জন্য সবচেয়ে কার্যকর সমন্বয়ই বেছে নিতে হয়।
আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে। সাবেক গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোয়ার মতে, এই প্রতিযোগিতাই আর্জেন্টিনা দলের শক্তির পরিচয়। তার ভাষায়, মার্তিনেজ একজন দুর্দান্ত ফিনিশার, আর আলভারেজ গোল করার পাশাপাশি পুরো খেলায় বেশি সম্পৃক্ত থাকে এবং প্রেসিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু আক্রমণভাগ নয়, রক্ষণভাগেও কিছু প্রশ্ন রয়েছে। রাইট-ব্যাক পজিশনে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। অন্যদিকে চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন লেফট-ব্যাক নিকোলাস তালিয়াফিকো।
আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকে। তবে সবচেয়ে বেশি নজর থাকবে স্ট্রাইকার পজিশনে— একাদশে জায়গা পান আলভারেজ, নাকি আস্থা রাখা হয় মার্তিনেজের ওপর।
