পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

সতর্ক বিজিবি

শুক্রবার, জুন ১৯, ২০২৬

নিজ সংবাদ:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজ দেশের তিন নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট গ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রামের সীমান্তে বিএসএফ সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাঁটাতারের কাছে নিয়ে আসে। পরে রাতের অন্ধকারে সীমান্তের গেট দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

এ সময় বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট সীমান্ত ক্যাম্পের টহলদল সদস্যরা সীমান্ত এলাকায় সক্রিয় অবস্থানে ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা বন্ধ করে ওই তিন নাগরিককে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

বিজিবি জানায়, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।