আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক দাবি করেছেন, আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জনগণের প্রতিরোধের মুখে ক্ষমতা ছাড়তে হবে। রোববার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা বারাক বলেন, নেতানিয়াহু নির্বাচন ঠেকাতে নতুন করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করতে পারেন। তার আশঙ্কা, লেবাননে সামরিক অভিযান বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে, যা নির্বাচন আয়োজনকে বাধাগ্রস্ত করবে।
বারাকের অভিযোগ, নেতানিয়াহু দীর্ঘস্থায়ী সংঘাতকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চান। যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার দ্রুত এগোতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতারও কড়া সমালোচনা করে তিনি বলেন, এটি ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের যথাযথ সমাধান দিতে পারেনি।
এদিকে বারাকের বক্তব্যকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগ এনে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
