চোখ খুলছেন না, কথাও বলছেন না জিসান

অথচ রিপোর্ট বলছে শারীরিকভাবে সুস্থ

মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

নিজ সংবাদ:

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান এখনও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তবে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, তার শারীরিক অবস্থা ভালো এবং বড় ধরনের কোনো স্বাস্থ্যগত সমস্যা পাওয়া যায়নি।

সোমবার (১৫ জুন) বিকাল পর্যন্ত জিসানকে আদালতে নেওয়া হয়নি। হাসপাতালের চার সদস্যের মেডিক্যাল বোর্ড তার শারীরিক অবস্থা ও বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে মতামত দিয়েছে যে তিনি সুস্থ আছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বোর্ডের চূড়ান্ত প্রতিবেদনে সব সদস্যের স্বাক্ষর সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় জিসানকে গ্রেফতার দেখানো হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, চিকিৎসকদের মতে জিসানের সব রিপোর্ট স্বাভাবিক। তবে তিনি এখনও চোখ খুলছেন না এবং কথা বলছেন না।

হাসপাতালের একাধিক চিকিৎসক জানিয়েছেন, পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষায় জিসানের শারীরিক অবস্থার অবনতি বা গুরুতর কোনো অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি। মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে তাকে যেকোনো সময় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

পুলিশ জানিয়েছে, বোর্ডের প্রতিবেদন হাতে পাওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী জিসানকে আদালতে হাজির করা অথবা জেলহাজতে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার অন্যান্য তিন আসামি ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।