জনগণ ভালো নেই, ২৪-এর স্বপ্ন বাস্তবায়িত হয়নি: মান্না

পাশা পুরো উল্টে গেছে

মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

নিজ সংবাদ:

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের মানুষ এখনো ভালো নেই এবং গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি। তার ভাষায়, ‘পুরো পাশা উল্টে গেছে।’

সোমবার (১৫ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে মান্না বলেন, বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার ঘটনা বিশ্ব ইতিহাসেও বিরল। তবে এত বড় আন্দোলনের পরও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মান্না বলেন, জনগণের অধিকার নিশ্চিত এবং একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোকে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।

সম্প্রতি ঘোষিত ৯ লাখ কোটি টাকার বেশি আকারের বাজেটেরও সমালোচনা করেন তিনি। মান্নার দাবি, বাজেটে অনেক আকর্ষণীয় প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়নের নিশ্চয়তা নেই। তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও নতুন বেতন কাঠামোর অর্থায়ন নিয়েই চাপে থাকে, তাহলে এত বড় বাজেটের অর্থ কোথা থেকে আসবে।

তিনি সতর্ক করে বলেন, বাস্তবভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় এবং জনকল্যাণমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে অর্থনীতি আরও সংকটে পড়তে পারে।