বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট

শনিবার, জুন ১৩, ২০২৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুক্রবার (১২ জুন) বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে। দুপুরের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ, নিউজফিড লোড এবং লগ-ইন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার অভিযোগ জানিয়েছেন।

ডাউনটাইম পর্যবেক্ষণকারী জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যা হওয়ার বিষয়টি রিপোর্ট করেছেন। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই ফেসবুকের সার্ভিসে সক্রিয় ত্রুটি শনাক্ত করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে।

ইজডাউন কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে তারা ফেসবুকের সার্ভিস পর্যবেক্ষণ করে আসছে এবং এ সময়ের মধ্যে ১৩৭টি ছোট-বড় বিভ্রাটের ঘটনা নথিভুক্ত করেছে। সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে তারা বর্তমান সমস্যাটিকে উল্লেখযোগ্য মাত্রার বৈশ্বিক বিভ্রাট হিসেবে চিহ্নিত করেছে।

তবে কী কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে, কখন থেকে এটি শুরু হয়েছে বা কবে নাগাদ পুরোপুরি সমাধান হবে—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি বৈশ্বিক প্রযুক্তিগত সমস্যা হওয়ায় ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মেটার কারিগরি দল ইতোমধ্যে সেবা স্বাভাবিক করতে কাজ করছে।