উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর-সমর্থিত প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বিভিন্ন সরঞ্জাম পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রশিক্ষণ কেন্দ্রটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, ইউএনএইচসিআরের অর্থায়নে এবং এনজিও সংস্থা সিএনআরএস পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দল এবং এপিবিএন সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস কক্ষ, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং চিকিৎসাসেবায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।