মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করলো দিল্লি

মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

শনিবার, জুন ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত। এ ঘটনায় দিল্লিতে নিযুক্ত মার্কিন উপ-মিশন প্রধানকে তলব করেছে ভারত সরকার। গত তিন দিনের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের কাছে প্রতিবাদ জানাল।

ভারতীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত বুধবার ওমান উপকূলে ‘সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হন। নিহতরা হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ। এছাড়া পরদিন ‘জলবীর’ নামের আরেকটি জাহাজে হামলার পর সেখান থেকে ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারটিতে যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন-গাইডেড মুনিশন’ ব্যবহার করে হামলা চালানো হয়। এ ধরনের উন্নত প্রযুক্তির বোমা বা ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

তবে হামলার বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, পালাউ পতাকাবাহী ট্যাংকারটি ইরান থেকে তেল পরিবহনের মাধ্যমে চলমান নিষেধাজ্ঞা ও অবরোধ লঙ্ঘন করছিল। নির্দেশনা অমান্য করায় জাহাজটির ইঞ্জিনকক্ষে বিমান হামলা চালানো হয়।

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভারত নিহত নাবিকদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিষয়টির পূর্ণ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।