নিজ সংবাদ:
বৃহত্তর যশোর অঞ্চলের ‘মুজিব বাহিনী’র প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলী হোসেন মনি আর নেই। শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৬টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, কিডনি জটিলতা, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। মুক্তিযোদ্ধা রবিউল আলম জানান, আলী হোসেন মনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা মহল ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আলী হোসেন মনি ষাটের দশকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে পরিবারের অজান্তে ভারতের দেরাদুনে সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বৃহত্তর যশোর অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি জাসদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং পরে জেলা জাসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শেষদিকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
শুক্রবার আসর বাদ যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার কাজীপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার একমাত্র ছেলে আগেই মারা গেছেন। বর্তমানে কানাডাপ্রবাসী মেয়ে ফারজানা আলী পরিবারের দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
