প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আদনান আল রাজীব

প্রথম সিনেমার ঘোষণা

শনিবার, জুন ১৩, ২০২৬

বিনোদন ডেস্ক:

ছোটপর্দা, বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্মে সফলতার পর এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নামছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের প্রথম সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

সম্প্রতি তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাওয়ার পর লন্ডনের মর্যাদাপূর্ণ ‘এসএক্সএসডব্লিউ’ উৎসবে সেরা শর্ট ফিল্মের পুরস্কারও জিতেছে চলচ্চিত্রটি। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পর্দার জন্য একটি খাঁটি প্রেমের গল্প নিয়ে আসছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আদনান আল রাজীব জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নির্মিত ‘কাছে আসার গল্প’ তাকে প্রেমের সিনেমা বানানোর স্বপ্ন দেখিয়েছিল। এরপর বহু বছর ধরে তিনি নিজের মনের মতো একটি গল্পের খোঁজে ছিলেন। দীর্ঘ সময় ধরে লেখা, সংশোধন ও অপেক্ষার পর অবশেষে সেই গল্প পূর্ণতা পেয়েছে বলে জানান তিনি।

তবে সিনেমাটির নাম, অভিনয়শিল্পী কিংবা শুটিং শুরুর সময়সূচি সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিজ্ঞাপনী সংস্থা রানআউট ফিল্মসের প্রতিষ্ঠাতা এই নির্মাতার সিনেমা ঘোষণায় ইতোমধ্যে বিনোদন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন দর্শকদের অপেক্ষা, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পর বড় পর্দায় আদনান আল রাজীব কতটা জাদু দেখাতে পারেন।