আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ইলন মাস্কের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার হুমকি দিয়েছে ইরান। দেশটির অভিযোগ, মাস্কের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। এ কারণে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং তার অন্যান্য ব্যবসায়িক স্বার্থকে লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন উচ্চপ্রযুক্তিনির্ভর সামরিক অভিযানে ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে। বিশেষ করে ড্রোন ও চালকবিহীন সামুদ্রিক যান ব্যবহারে এসব প্রতিষ্ঠানের ভূমিকার অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, এসব সহযোগিতা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
এ কারণে পশ্চিম এশিয়ায় স্টারলিংকের ভূ-স্টেশনসহ ইলন মাস্কের মালিকানাধীন বিভিন্ন অর্থনৈতিক ও প্রযুক্তিগত স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে ইরান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করেছিল। সেই তালিকায় মেটা, গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ইনটেল, ওরাকল, এনভিডিয়া, প্যালান্টির, বোয়িং এবং টেসলার নামও ছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ঘিরে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও উদ্বেগ আরও বাড়ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
