বাতিল হয়নি আদ-দ্বীনের লাইসেন্স: শিশির মনির

প্যাথলজির লাইসেন্স বাতিল

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির দাবি করেছেন, হাসপাতালের লাইসেন্স নয়, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে সংযুক্ত নথিপত্রের বরাত দিয়ে তিনি জানান, আদ্-দ্বীনের দুটি পৃথক লাইসেন্স রয়েছে। একটি হাসপাতাল পরিচালনার জন্য, যার নম্বর HSM 4310058 এবং অন্যটি প্যাথলজি সেন্টার পরিচালনার জন্য, যার নম্বর HSM 4310059।

শিশির মনিরের দাবি, গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল, সেখানে প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বরই উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে যে লাইসেন্স বাতিল করা হয়েছে, সেটিও একই নম্বরের। ফলে হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছিলেন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৭ মে মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং পরবর্তীতে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। তবে ঠিক কোন লাইসেন্স বাতিল হয়েছে, তা নিয়েই এখন নতুন প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।