আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের মধ্যাঞ্চলের এল-ওবেইদ শহরে একাধিক ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল শহরের কয়েকটি আবাসিক এলাকা, একটি জানাজার সমাবেশ, খাদ্যসামগ্রী বহনকারী ট্রাক এবং সেনাবাহিনীর অবস্থানের আশপাশের অঞ্চল। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এল-ওবেইদ হাসপাতালের কর্মকর্তাদের মতে, হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন।
ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। যদিও এ অভিযোগের বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি।
এর আগে গত সপ্তাহে উত্তর করদোফান অঞ্চলের আবু জাইমা শহরের একটি প্রধান বাজারে ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হন। চলমান সংঘাতে ড্রোন ব্যবহারের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সুদানজুড়ে ড্রোন হামলায় অন্তত ৮৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
