আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের জবাবে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (১০ জুন) ভোরে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশসীমায় মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয় বলে এক বিবৃতিতে জানায় আইআরজিসি।
সংস্থাটির দাবি, সম্প্রতি দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কিশমি দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, সিরিক শহরের বামানি এলাকায় মার্কিন হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়। এর পরিপ্রেক্ষিতেই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে তাদের নৌবাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন অভিযান শুরু করে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলেও দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে তারা সতর্ক করে জানিয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে আরও কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে পরিচালিত একটি সামরিক অভিযান শেষ হওয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। সাম্প্রতিক এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
