নিজ সংবাদ:
দেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক বিনিয়োগ নিয়ে এলে সেই বিনিয়োগের ওপর ১ দশমিক ৫ শতাংশ কমিশন দেওয়া হবে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগও উৎসাহিত করতে চায় এবং এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার ও নিয়ন্ত্রণমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রকৃত ও ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক ৬ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে যোগ্য শিল্পপ্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলোও আইনগতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, নতুন কমিশন সুবিধা বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
