দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির নির্দেশ প্রধানমন্ত্রীর

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত, বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।

তারেক রহমান আরও বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি সরকারি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে ডিজিটাল রূপান্তরের গতি বাড়াতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং জনগণকে হয়রানি ও বিলম্বমুক্ত সেবা নিশ্চিত করতে কঠোর তদারকি বজায় রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে এবং সুশাসন প্রতিষ্ঠা সহজতর হবে।