এবার ভারতীয় আমে নেপালের নিষেধাজ্ঞা

কীটনাশকের উপস্থিতি নিয়ে উদ্বেগ

শনিবার, জুন ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের পর এবার নেপালও ভারত থেকে আমসহ কয়েকটি ফল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমদানিকৃত ফলের চালানে উচ্চমাত্রার রাসায়নিক কীটনাশকের উপস্থিতি পাওয়ার পর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে নেপালের গণমাধ্যম।

নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের আরোপিত এই নিষেধাজ্ঞা গত এপ্রিল-মে মাস থেকেই কার্যকর রয়েছে। ফলে ভারতীয় আমের প্রধান মৌসুমে রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আলফোনসো, দশেরি, চৌসা, কেসর, ল্যাংড়া ও ভাঙ্গানাপল্লীর মতো জনপ্রিয় জাতের আমের চালান ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে গত মাসে জাপানও ভারতীয় আম আমদানি স্থগিত করেছিল। জাপানি কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ ভারতের কয়েকটি প্রক্রিয়াকরণ কেন্দ্রে পোকামাকড় নিয়ন্ত্রণ ও জীবাণুনাশক ব্যবস্থাপনায় ত্রুটি খুঁজে পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়। প্রায় দুই দশকের মধ্যে ভারতীয় আমের বিরুদ্ধে জাপানের এটি প্রথম বড় ধরনের পদক্ষেপ।

নেপালের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পর্যাপ্ত প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়াই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। তাদের মতে, দেশীয় উৎপাদন দিয়ে আমের পুরো চাহিদা পূরণ করা কঠিন হতে পারে। ব্যবসায়ী নেতারা নেপাল সরকারের কাছে আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে কঠোর মান নিয়ন্ত্রণ ও গুণগত পরীক্ষা নিশ্চিত করে ভারতীয় ফল আমদানির সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্বের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী দেশ ভারত প্রতি বছর প্রায় ২ কোটি ৪০ লাখ মেট্রিক টন আম উৎপাদন করে। যদিও নেপাল ভারতীয় আমের বড় বাজার নয়, তবুও এই নিষেধাজ্ঞা রপ্তানিকারকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

সূত্র: উইয়ন নিউজ