আন্তর্জাতিক ডেস্ক:
মানবাধিকারকর্মীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার চার সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের রায়ে চার কর্মকর্তাকে যথাক্রমে তিন বছর, আড়াই বছর, দুই বছর এবং দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স এজেন্সির সদস্য বলে জানা গেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, তারা মানবাধিকার সংগঠন ‘কমিশন ফর মিসিং পারসন্স অ্যান্ড ভিকটিমস অব ভায়োলেন্স’ (কন্ট্রাস)-এর উপ-সমন্বয়ক আন্দ্রি ইউনুসের ওপর পূর্বপরিকল্পিত হামলার সঙ্গে জড়িত ছিলেন। গত এপ্রিলে রাজধানী জাকার্তায় এ মামলার বিচার শুরু হয়।
গত মার্চে জাকার্তার একটি সড়কে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আন্দ্রি ইউনুসের ওপর হামলা চালানো হয়। অন্য একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার দিকে অ্যাসিড নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। হামলায় তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারান এবং তার মুখসহ শরীরের ২০ শতাংশের বেশি অংশ দগ্ধ হয়।
মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, এই রায় ইন্দোনেশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
