নিজ সংবাদ:
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে মামলাটি এখন রায়ের অপেক্ষায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন।
বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। আসামিপক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আমির হোসেন যুক্তি উপস্থাপন করেন। পরে তার বক্তব্যের জবাব দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাহবুবউল আলম হানিফ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।
এর আগে গত ৭ জুন প্রসিকিউশন চার আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। ১১ মে মামলার যুক্তিতর্ক শুরু হয়। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তার জেরার মধ্য দিয়ে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এখন ট্রাইব্যুনালের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সবাই।
