আন্তর্জাতিক ডেস্ক:
ভুয়া লাইসেন্স ব্যবহার করে প্রায় ১৭ বছর ধরে শত শত ফ্লাইট পরিচালনার অভিযোগে কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার সাবেক এক পাইলটকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। চার মাসের তদন্ত শেষে মঙ্গলবার ৫৯ বছর বয়সী জিওফ্রে ওয়ালের বিরুদ্ধে জালিয়াতিসহ একাধিক অভিযোগ আনা হয়।
পিল রিজিওনাল পুলিশের তথ্য অনুযায়ী, জিওফ্রে ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে ৯০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। অভিযোগ রয়েছে, তিনি প্রয়োজনীয় উচ্চস্তরের ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ ছাড়াই দীর্ঘদিন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এয়ার কানাডা ও কানাডার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেছেন।
পুলিশ জানিয়েছে, তার একটি বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স ছিল। তবে বড় যাত্রীবাহী উড়োজাহাজের প্রধান চালক হিসেবে দায়িত্ব পালনের জন্য যে বিশেষ লাইসেন্স প্রয়োজন, সেটি তার ছিল না। তার বিরুদ্ধে জালিয়াতি, জাল নথি তৈরি ও ব্যবহার, ভুয়া ট্রেডমার্ক সংরক্ষণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।
পিল রিজিওনাল পুলিশের প্রধান নিশান দুরাইয়াপ্পা বলেন, এ ঘটনা জনসাধারণের আস্থা ও বিমান নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ প্রমাণিত হলে লাখো যাত্রীর নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল।
তবে এয়ার কানাডা জানিয়েছে, প্রতিষ্ঠানটির নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন ব্যবস্থার কারণে যাত্রীদের নিরাপত্তা কখনোই বিঘ্নিত হয়নি। সংস্থাটির দাবি, ওয়াল সব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছিলেন এবং উড়োজাহাজ পরিচালনায় উচ্চ দক্ষতার পরিচয় দিয়েছেন।
বিষয়টি জানার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
