১০ হাজার কোটি টাকা ধার চাইলো ইসলামী ব্যাংক

আমানত উত্তোলনের চাপ

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান বিতর্ক ও গ্রাহকদের উদ্বেগের মধ্যে তারল্য সংকটে পড়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির দাবি, সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের ফলে গ্রাহকদের চাহিদা মেটাতে এই সহায়তা প্রয়োজন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে জানিয়েছেন, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা ধার চেয়ে আবেদন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনেও উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলন হয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্টদের ধারণা, গত এক সপ্তাহে মোট পাঁচ হাজার কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন গ্রাহকেরা।

ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকটির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে চেয়ারম্যান অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় আমানতের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তারা ব্যাংকের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিনের আর্থিক সংকট ও উচ্চ খেলাপি ঋণের চাপে থাকা ইসলামী ব্যাংক এর আগেও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সহায়তা নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে তারল্য সংকট মোকাবিলায় আবারও বাংলাদেশ ব্যাংকের সহায়তার দ্বারস্থ হয়েছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর একটি।