মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে স্বাস্থ্যঝুঁকি গবেষণার নির্দেশ হাইকোর্টের

নিজ সংবাদ:

মোবাইল ফোন টাওয়ার থেকে নির্গত বিকিরণে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, তা নির্ণয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর মাধ্যমে গবেষণা চালিয়ে প্রতিবেদন দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত আগামী ছয় মাসের মধ্যে গবেষণা প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে জনস্বার্থে ২০১২ সালে রিট দায়ের করা হয়। পরে ২০১৯ সালের রায়ে হাইকোর্ট ঘনবসতিপূর্ণ এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও উপাসনালয়ের আশপাশে থাকা টাওয়ারগুলোর বিকিরণ নিয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দেন। পাশাপাশি জনসমাগম এলাকায় নতুন টাওয়ার স্থাপনে গাইডলাইন প্রণয়নের কথাও বলা হয়।

এর ধারাবাহিকতায় ২০২৪ সালে বিটিআরসি একটি সমীক্ষা প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনে আপত্তি জানিয়ে বিকিরণের মাত্রা কমানোর বিষয়ে বিশেষজ্ঞ মতামত চাওয়া হয়। পরে বুয়েটের অধ্যাপক কামরুল হাসান আদালতে লিখিত প্রতিবেদন দিয়ে বিকিরণের মাত্রা কমানো এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিস্তারিত গবেষণার সুপারিশ করেন। শুনানি শেষে আদালত বুয়েটের মাধ্যমে গবেষণা পরিচালনার নির্দেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।