অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসায় জুবাইদা রহমানের সহায়তা

নিজ সংবাদ:

“হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই” শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের। পরে অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসা ও পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-কে। এর ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেলে সংগঠনটির একটি প্রতিনিধি দল রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে শিশুটির মা স্বর্ণা আক্তারের সঙ্গে দেখা করে এবং চিকিৎসার খোঁজখবর নেয়। প্রতিনিধিরা পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এবং শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।

জানা গেছে, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, কাশি, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভোগার পর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ বয়সী শিশুর স্বাভাবিক ওজন ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা থাকলেও নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে।

চরম আর্থিক সংকটের কারণে শিশুটির মা একাই চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের খরচ জোগাতে তিনি প্রতিবেশীর কাছ থেকে ধার করেন। অর্থাভাবে একপর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ফিরে যেতে বাধ্য হন। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়ায় ‘আমরা বিএনপি পরিবার’।