ক্লাস চলাকালে পাবনায় স্কুলে বিষাক্ত গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

নিজ সংবাদ:

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৩ মে) দুপুরের পর এ ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা ও খিচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও একটি শ্রেণিকক্ষ থেকে পিঁপড়া ও ইঁদুর মারার ওষুধের বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই রাসায়নিকের প্রভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুলতান মাহমুদ জানান, প্রথমে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে একে একে আরও শিক্ষার্থীর মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আক্রান্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়া অনেক অভিভাবক নিজ উদ্যোগেও সন্তানদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাবেরী জানান, বিষক্রিয়ার আশঙ্কায় প্রায় ৬০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। তবে আতঙ্ক ও প্যানিক অ্যাটাকের কারণেও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছে।

ঘটনার পর বিদ্যালয় পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।