পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই: পানিসম্পদমন্ত্রী

নিজ সংবাদ:

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাংলাদেশের নিজস্ব স্বার্থের বিষয়। এ নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই। তবে গঙ্গার পানি বণ্টন ও চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলমান রয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, প্রায় ৩৪ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে আগামী পাঁচ বছরে ধাপে ধাপে কাজ সম্পন্ন হবে। এ প্রকল্পের মাধ্যমে দেশের এক-তৃতীয়াংশ এলাকা ও ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, খাল খননের মাধ্যমে পানি আনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পানি সংরক্ষণে কারিগরি বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ফারাক্কা ব্যারেজের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে রাজবাড়ী এলাকায় পানি মজুদের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।