ক্রীড়া ডেস্ক:
আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। সেখান থেকে চূড়ান্ত ২৬ সদস্যের দল গঠন করা হবে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বড় কোনো অঘটন না ঘটলে ২২ ফুটবলারের জায়গা ইতোমধ্যেই প্রায় নিশ্চিত। বাকি চারটি জায়গা নিয়ে এখনো ভাবনায় রয়েছেন স্কালোনি ও তার কোচিং স্টাফ।
নিশ্চিত তালিকায় গোলকিপার হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ ও হেরোনিমো রুইয়ি। রক্ষণভাগে জায়গা প্রায় নিশ্চিত ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল ও নিকোলাস তাগলিয়াফিকোর। মিডফিল্ডে থাকছেন এনসো ফের্নান্দেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাকআলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস ও তিয়াগো আলমাদা। আক্রমণভাগে নিশ্চিত ধরা হচ্ছে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লওতারো মার্তিনেজ ও জিউলিয়ানো সিমেওনেকে।
তৃতীয় গোলকিপারের জায়গার জন্য লড়াই চলছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেসের মধ্যে। এছাড়া অতিরিক্ত সেন্টার ব্যাক ও লেফট ব্যাক নিয়েও এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। লেফট ব্যাক পজিশনে মার্কোস আকুনা ও গাব্রিয়েল রোহাসের মধ্যে প্রতিযোগিতা চলছে। পাশাপাশি মিডফিল্ডার ভালেন্তিন বার্কো কিংবা জিওভান্নি লো সেলসোকেও চূড়ান্ত দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, দলীয় ভারসাম্য ও কৌশলগত প্রয়োজন বিবেচনায় শেষ মুহূর্ত পর্যন্ত চমক রাখতে পারেন স্কালোনি।