বিতর্কের মুখে জ্যোতিষীর নিয়োগ  বাতিল করলেন বিজয়

তীব্র রাজনৈতিক চাপ ও সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে নিজের ব্যক্তিগত জ্যোতিষীকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। নিয়োগ ঘোষণার মাত্র একদিনের মাথায় বুধবার (১৩ মে) তা বাতিল করা হয়।

বিজয়ের ঘনিষ্ঠ জ্যোতিষী রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর দপ্তরে ওএসডি হিসেবে নিয়োগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কালাগাম (টিভিকে)-কে সমর্থন দেওয়া মিত্রদলগুলো প্রকাশ্যে এর বিরোধিতা করে। ভিসিকে, সিপিআই(এম) ও সিপিআই নেতারা বলেন, সরকার পরিচালনায় জ্যোতিষশাস্ত্র নয়, বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদী চিন্তার প্রতিফলন থাকা উচিত। ভিসিকে বিধায়ক বাণী আরসু বলেন, “কুসংস্কারকে কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়া উচিত নয়।”

সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক পি শানমুগাম অভিযোগ করেন, জনগণের অর্থে জ্যোতিষীকে সরকারি পদে বসানো অযৌক্তিক ও অনভিপ্রেত। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন সিপিআই নেতা এম ভিরাপান্ডিয়ানও।

এ ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জ্যোতিষনির্ভর রাজনীতির প্রসঙ্গও আবার আলোচনায় উঠে আসে। ডিএমডিকে নেত্রী প্রেমলতা বিজয়কান্ত বলেন, “তরুণ সমাজের সামনে একজন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত ভুল বার্তা দেয়।” মিত্রদলগুলোর তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন বিজয়। যদিও এখন পর্যন্ত কোনো দলই টিভিকে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতিতে নতুন হলেও এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত বিজয়ের প্রশাসনিক ভাবমূর্তির ওপর চাপ তৈরি করতে পারে।